‘‘প্রকল্পের কাজ বাস্তবায়ন না হলে টাকা দেওয়া হবে না” বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
শনিবার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়, হতদরিদ্র পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন।
এ সময় তিনি তার বক্তব্যে আরো বলেন, দলীয় ক্ষমতার দাপটে সরকারি কর্মকর্তাদের ইমেজ নষ্ট করা মানে আমার ইমেজ নষ্ট করা। আর আমার ইমেজ নষ্ট করা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজ নষ্ট করা। তাই সে সুযোগ কাউকেই দেওয়া হবে না।
সরকারের সকল প্রকল্প তৃণমূল পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে জানিয়ে এমপি বলেন, টিআর-কাবিখার মতো প্রকল্পের কাজগুলো দলীয় নেতাকর্মীরাই করবেন। কিন্তু তার মানে এই নয় যে, প্রকল্পের কাজ না করেই অর্থ তুলে নেবেন। তা কিছুতেই হতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
কেন্দুয়া উপজেলার প্রত্যেকটা প্রকল্প বাস্তবায়ন না করা পর্যন্ত যেন কেউ টাকা তুলে নিতে না পারে সে জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঠিক তদারকি এবং আন্তরিকতা কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, পৌর মেয়র আসাদুল হক ভূইয়া, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া প্রমুখ।






