সেহরির খাবার তৈরির কাজে ব্যস্ত সময় পার করলেন এমপি ফজলে করিম

প্রকাশিত: ২:৪০ পিএম, মে ১, ২০২০
  • শেয়ার করুন

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চট্টগ্রাম-৬ আসনের (রাউজান) সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে রাউজান উপজেলার দায়ার ঘাটা আল আমিন কমিউনিটি সেন্টারে আকস্মিক সেহরির খাবার তৈরির রান্নাঘর পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি রান্নাঘরে স্বেচ্ছাশ্রমে কাজ করা যুবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে কঠিন জীবনের বাস্তবতায় পবিত্র রমজান মাসে মানুষের জন্য সেহরি তৈরির কার্যক্রমকে আমি অভিনন্দন জানাই। যেসব নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রমে যুক্ত আছেন তারা স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি বলেন, মানুষ হতে হলে মানুষের জন্য টান থাকতে হবে। তোমাদের এই মানবসেবা দেখে সত্যিই আমি আনন্দিত আর অভিভূত। এভাবে একেকটি ভালো কাজের মধ্য দিয়ে একদিন মানবপ্রেম পৃথিবীময় ছড়িয়ে পড়বে।
এক পর্যায়ে তিনি নিজেই সেহরির খাবারের প্যাকেট তৈরি করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সুমন দে।

প্রসঙ্গত, করোনাযুদ্ধে প্রাণ হারানো প্রথম চিকিৎসক ডা. মঈনের স্মৃতির প্রতি ভালোবাসা জানিয়ে চট্টগ্রাম শহরজুড়ে এই ব্যতিক্রমী মানবিক কার্যক্রম শুরু করেন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।